মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বের গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ডের একটি জাহাজের নজরে আসে সন্দেহজনক একটি বোট।
কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গভীর সমুদ্র এলাকায় বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিরা হলেন মো. ফুরকান (৬০), আব্দুস সৈয়দ নূর (৩২), তৌফিক ইসলাম (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. ইকবাল হোসেন (৩৫), আব্দুল শাহজাহান (৪৪), আলাউদ্দিন (৪৪), মো. আব্বাস (৪৭) ও মো. রফিক আহমেদ (৬০)।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইউরিয়া সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










