পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের চলমান পরিস্থিতি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে মজুরি বোর্ডকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে শ্রমিকদের জীবনমান ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নির্ধারিত সময়ের আগেই সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রোববার সকালে বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, যানবাহন ভাঙচুর, হামলা ও কারখানায় অগ্নিসংযোগের মতো ঘটনা গ্রহণযোগ্য নয়। সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে উসকানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে শ্রমিকদের ব্যবহার করে দেশের স্থিতিশীলতা ও রপ্তানি বাণিজ্য ব্যাহত করার চেষ্টার ইঙ্গিত পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার কথা জানান তিনি।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালু করা এবং মালিক-শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রপ্তানির জন্য পণ্য উৎপাদন ও সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।
বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস,










