যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি সড়কে আছড়ে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। তবে আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট লিয়ারজেট ৬০। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে নেমে আসে। পরে মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের সংযোগস্থলের কাছে সড়কে আছড়ে পড়ে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর সড়কে বড় গর্ত তৈরি হয় এবং বিমানটির ধ্বংসাবশেষ পুড়ে যায়। আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল।
খবর পেয়ে পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এলাকা নিরাপদ করার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান ও তদন্তের স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
প্রাথমিকভাবে বিমানটির অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নেমে আসার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: নিউজ২৪বিডি










