যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মন্ত্রিসভায় সীমিত পরিসরে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতৃত্ব পর্যায়ে সম্ভাব্য এই রদবদলকে নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রশাসন পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান। তাকে মন্ত্রিসভার কোনো সদস্যকে বরখাস্ত করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, করছি। সামান্য কিছু পরিবর্তন।’
ট্রাম্প আরও বলেন, তিনি তার মন্ত্রিসভার সদস্যদের পছন্দ করেন এবং মনে করেন তারা ভালো কাজ করছেন। তবে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পরিবর্তন আনা হতে পারে বলে জানান তিনি।
এদিকে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ঘোষণা অনুযায়ী, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন। তিনি বর্তমান চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। ওয়াইলস পরবর্তী সময়ে প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন বলে জানানো হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রিসভার কোন কোন সদস্য পরিবর্তনের আওতায় আসতে পারেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পের সাক্ষাৎকারটি রোববার (৮ নভেম্বর) প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি









