জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালিতে অংশ নিয়ে রাজধানীতে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাতে এ তথ্য জানিয়েছে কালবেলা।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে রাজধানীর বিভিন্ন সড়ক অতিক্রম করেন। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।
র্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুদের হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রতিবেদন অনুযায়ী, পুরো পথ নেতাকর্মীদের সঙ্গে স্বাভাবিক গতিতে হেঁটে অতিক্রম করেন তারেক রহমান। তার এই পদযাত্রায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।










