ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের পরপরই নেপলসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেন ও মেট্রো চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমাঞ্চলের ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় এবং কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন ভবনে ফাটল ও আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে নেপলসে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম।
ইতালিতে বড় ধরনের ভূমিকম্পের ইতিহাসও রয়েছে। ১৯৮০ সালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ জন প্রাণ হারান। এছাড়া ২০১৬ সালে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

