ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্ডি এলাকায় একটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বালাজি নগর এলাকার ‘কোহিনুর বিল্ডিং’-এর বি-উইং অংশটি হঠাৎ ধসে পড়ে। ভবনটিতে ৪৮টি কক্ষ ছিল এবং এটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। দুর্ঘটনার সময় ভবনটিতে সংস্কার কাজ চলছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের দিকে ভবনের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা গেলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে সবাই নিরাপদে সরে যাওয়ার আগেই ভবনের একটি বড় অংশ ধসে পড়ে, ফলে প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে দুর্যোগ ব্যবস্থাপনা দল, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে ক্যানাইন ইউনিট, ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং ভারী উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ভবন ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

