পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চলমান সহিংসতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং সেগুলোর ক্রুদের লক্ষ্য করে হামলা না চালানোর জন্য তিনি স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন।
জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই বাণিজ্যিক জাহাজে হামলার বিরোধিতা করে এবং যেকোনো সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে অবস্থান নেয়।
আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অবস্থান তুলে ধরেন। তবে তিনি তার দেওয়া বার্তায় বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি উল্লেখ করেননি। তিনি শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা জানান।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক। এ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

