ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬০ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও নিহত নারীর পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বায়োমেট্রিক ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।









