রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের (৭৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। তবে আগের শুনানিতে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তী শুনানির জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।
গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আখতারুজ্জামানের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলার অন্য পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া জব্দ করা ককটেল বোমার উৎসসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের কথাও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। সেখানে সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
আখতারুজ্জামান গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয়ী হন। এর আগে ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।










