কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম তার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার নিহত ছেলেকে বিভিন্নভাবে ‘ভিকটিম ব্লেমিং’ করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেলে এসব কথা বলেন নাহিদা বেগম।
নাহিদা বেগম বলেন, তার ছেলে ছোট ছিল এবং তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছিল—এমন প্রচার তিনি মেনে নেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে অপ্রতিমকে নিয়ে নানা বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এর কারণে তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে তিনি বিষয়টি মেনে নেবেন না।
ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করে নাহিদা বেগম বলেন, তিনি শুধু নিজের সন্তানের জন্য নয়, ভবিষ্যতে যেন আর কোনো শিশুর জীবন এমন ঘটনার শিকার না হয়, সে জন্যও বিচার চান।
এদিকে অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি লিখিত আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়; মানবিক দৃষ্টিকোণ থেকে আইনজীবীদের মধ্যে এমন নীতিগত অবস্থান তৈরি হয়েছে। আসামিদের আইনগত অধিকার নিশ্চিত করতে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের সুযোগ থাকবে।










