দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৬৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৫৭ জন।
চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।










