মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে আজ সোমবার (৩১ আগস্ট) রায় দেবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য ও মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে অপর তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের পর হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন হিটু শেখ।
রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে। অন্যদিকে হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী তার খালাস চেয়েছেন।
আজকের রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডের পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে।
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আজ হাইকোর্টের রায়, বহাল থাকবে কি হিটুর মৃত্যুদণ্ড?
Keep Reading
Add A Comment
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত










