ফরিদপুরে অনুমোদনহীনভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বায়েজিদকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে বায়েজিদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজে’ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল।
এনসিপির ফরিদপুর জেলা সদস্যসচিব সাঈদ খান বলেন, ব্যক্তির অপরাধের দায় দল নেবে না এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বায়েজিদকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় নোটিশে বায়েজিদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বহিষ্কারাদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।










