নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে বিভিন্ন মাদকদ্রব্য ও অ্যালকোহল মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের পানীয় সেবনের পর মো. সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন তরুণের আয়োজিত বারবিকিউ পার্টিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সেখানে বিভিন্ন ধরনের মাদক ও অ্যালকোহল একসঙ্গে মিশিয়ে একটি উচ্চমাত্রার পানীয় প্রস্তুত করে কয়েকজন তরুণ সেবন করেন।
পার্টি শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ১০টার দিকে সাকিবকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ চারজনের মধ্যে মো. টিপু (২৫) ও সাইফুল ইসলাম পাখি (২২) সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে মো. মনির হোসেন শান্ত (২৩) ও মো. রাসেল (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অসুস্থ ব্যক্তিরা বিষাক্ত ও ভেজাল মদপানের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন। কয়েকজনের চিকিৎসা চলছে এবং জটিল রোগীদের ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, একাধিক মাদক মিশিয়ে তৈরি পানীয় সেবনের পরই এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










