বগুড়ায় শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি করতে প্রায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জেলার বিদ্যমান বিসিক শিল্পনগরীর জায়গা প্রায় পূর্ণ হয়ে যাওয়ায় নতুন উদ্যোক্তাদের শিল্প স্থাপনের সুযোগ করে দিতে সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে এই শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আগামী শীত মৌসুমেই এর প্রাথমিক উন্নয়নকাজ শুরু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে তিনি ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে এ জেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। নতুন শিল্পপার্ক স্থাপিত হলে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, বগুড়ার বর্তমান বিসিক শিল্পনগরীর জায়গা পূর্ণ হয়ে যাওয়ায় নতুন উদ্যোক্তারা শিল্প স্থাপনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন। এই সমস্যা সমাধানে প্রায় ৪০০ একর জমিতে নতুন শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শীত মৌসুমেই উন্নয়নকাজের প্রাথমিক ধাপ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত শিল্পপার্কে শুধু জমি ও অবকাঠামো সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য নয় বলেও জানান মন্ত্রী। সেখানে শিল্পের প্রয়োজন অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে শিল্পকারখানাগুলোতে স্থানীয়ভাবে দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, শিল্পপার্কে বিনিয়োগকারী উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। শিল্পের উৎপাদন খরচ কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অর্থায়নের ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা পরিচালনা করা উদ্যোক্তাদের জন্য কঠিন। তাই উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচ কমানো জরুরি। শিল্পখাতের বিকাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, সহজে গ্যাস সংযোগ এবং কম খরচে অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।








