বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব মূল্যবান ধাতুর বাজারদর বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে স্পট প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮১০ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। দিন শেষে প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৮৫ দশমিক ৫০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, শুক্রবারের দরপতনের ফলে তিনটি ধাতুই চলতি সপ্তাহে মূল্য হারানোর পথে রয়েছে। সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং মূল্যবান ধাতুগুলোর চাহিদায় পরিবর্তন এসব ধাতুর দামে চাপ তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামও কমেছে। শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে।
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম সাধারণত সুদের হার, বিনিয়োগকারীদের চাহিদা, অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক বাজারের বিভিন্ন সূচকের ওপর প্রভাবিত হয়। সাম্প্রতিক দরপতনও এসব বাজারগত প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত বলে বিশ্লেষণে উঠে এসেছে।










