রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা ওয়েবসাইটটি রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।
ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম ও ম্যালওয়্যারের চিহ্ন পাওয়া গেছে। সমস্যাগুলো শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রোববারের মধ্যেই ওয়েবসাইটটি নিরাপদভাবে সচল করা সম্ভব হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়। গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে সতর্কতা জারি করে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হলেও নিরাপত্তাজনিত সমস্যার কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।
ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধার ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ করছেন ব্যাংকটির আইটি বিভাগের কর্মীরা।









