চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠান।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। ফলাফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি। কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফলাফলে দেখা গেছে, শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যার দিক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড সবচেয়ে এগিয়ে। বোর্ডভিত্তিক এমন ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, শিক্ষার্থী উপস্থিতি, শিক্ষক সংকট ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
শিক্ষাবিদরা মনে করছেন, যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে সমস্যার কারণ চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, নিয়মিত ক্লাস এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ফলাফলের উন্নতি সম্ভব হতে পারে।










