এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা এখন ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সমন্বিত ফলাফল ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রত্যাশিত না হলে খাতা পুনর্নিরীক্ষণের জন্যও আবেদন করার সুযোগ রয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
শিক্ষার্থীরা সমন্বিত ফলাফলের ওয়েবসাইট অথবা শিক্ষা বোর্ডের ফলের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। নিজ নিজ শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা বোর্ডের ক্ষেত্রে লিখতে হবে: SSC DHA ROLL 2026। মাদ্রাসা বোর্ডের জন্য SSC MAD ROLL 2026 এবং কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL 2026। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। প্রতি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য।
পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে
ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নির্ধারিত পোর্টালে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করে সংশ্লিষ্ট বিষয় বেছে নিতে হবে।
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রের বিষয়ে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পর তা বাতিল করে ফি ফেরত নেওয়ার সুযোগ নেই। এবার হাতে হাতে বা ম্যানুয়ালি পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে না।










