২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শিক্ষাব্যবস্থাকে মেধা, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নতুনভাবে সাজানো হবে।
তিনি জানান, সংস্কারের প্রস্তুতি হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই কারিকুলামে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও খেলাধুলাসংক্রান্ত নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, চতুর্থ শ্রেণি থেকে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’ পাঠ্যক্রমে যুক্ত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স, এআই এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পরিকল্পনা রয়েছে।
এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অকৃতকার্য বা ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বেকারত্ব কমাতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের দক্ষতার তথ্য সংগ্রহ করে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে শিক্ষকদের হাতে ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বাড়ানো, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা এবং প্রবাসী বাংলাদেশি গবেষকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য শুধু সনদনির্ভর শিক্ষা নয়; বরং দক্ষতা, কর্মসংস্থান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম তৈরি করা।
২০২৭ থেকেই নতুন বিষয়, ২০২৮ সালে বড় কারিকুলাম সংস্কার
Keep Reading
Add A Comment
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
প্রকাশক: শেখ আল ফয়সল
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত.










