সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সংলগ্ন যুব উন্নয়ন কেন্দ্র এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ স্থানীয় যুবকদের সহায়তায় সাপটি উদ্ধার করে। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অজগরটিকে টিলাগড় ইকো পার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।
প্রাধিকার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্রের পেছনের ঝোপঝাড় এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। এ সময় সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানার পর প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় যুবকদের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে আটক করা হয়। উদ্ধার অভিযানে সতর্কতা অবলম্বন করা হয়, যাতে সাপটির কোনো ক্ষতি না হয় এবং আশপাশের মানুষের নিরাপত্তা বজায় থাকে।
প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, উদ্ধার করা অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। প্রাথমিক পর্যবেক্ষণে সাপটিকে সুস্থ বলে মনে হয়েছে। এটি বার্মিজ পাইথন প্রজাতির, যা বিষহীন। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপটিকে টিলাগড় ইকো পার্কের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ওই এলাকায় ছোট-বড় অজগর দেখা গেছে। বন্যপ্রাণীকে হত্যা না করে নিরাপদে উদ্ধারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
প্রাধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত করা বা হত্যা করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিকটস্থ বন বিভাগ অথবা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা এবং মানুষের সঙ্গে বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।









