কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে লাগা আগুন ১৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও সেনাবাহিনীর একটি ফায়ার টিম কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইনানীর একটি বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে খননের একপর্যায়ে ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না। পানি ছিটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিমও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দেয়।
সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও পান্না আক্তার জানান, পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞ দল মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।









