‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আইজিপির এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত মন্তব্যটি করেছেন। তাঁর ভাষায়, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এখন পর্যন্ত দেশে ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আইজিপির ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপির দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়া জানায়।
সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরও এ বিষয়ে ব্যাখ্যা দেয়। সেখানে বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি; অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন।









