বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে জাপানের খ্যাতনামা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই পোশাকশিল্প গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে নতুনত্ব আনা, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতেও সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, চুক্তিটি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের প্রতিনিধিদলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিনিয়োগসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষ থেকে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই বৈঠকে অংশ নেন।









