লন্ডনে ভারতীয় নাগরিকদের বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশিরা অংশ নিয়েছেন, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানারের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে লন্ডনে ভারতীয় বিরোধী দল কংগ্রেস ও যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন ভারতীয় শিক্ষার্থী সংগঠন বিক্ষোভ করে। ওই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কয়েকজন বাংলাদেশি যোগ দিয়েছেন বলে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
ছবিটি ইনস্টাগ্রাম ও এক্সসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানায়, ছবিটি পর্যবেক্ষণ করে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে, যা এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যেতে পারে। ছবিতে থাকা মাইক্রোফোনে নির্দিষ্ট কোনো সংবাদমাধ্যমের নাম না থাকা এবং মুখভঙ্গি ও কথা বলার দৃশ্যের অসংগতিকে সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার ‘সাইটইঞ্জিন’ ও ‘হাইভ মডারেশন’ নামের দুটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ব্যবহার করে। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, উভয় টুলের বিশ্লেষণেই ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ দেখানো হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে রিউমর স্ক্যানার সিদ্ধান্তে পৌঁছেছে, লন্ডনে ভারতীয়দের বিক্ষোভে বাংলাদেশিদের অংশগ্রহণের প্রমাণ হিসেবে প্রচারিত ছবিটি আসল নয়। এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
ঘটনাটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার গুরুত্ব তুলে ধরেছে।
সূত্র: রিউমর স্ক্যানার









