বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে লুটপাটের সুযোগ তৈরি করতে বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে জবাবদিহি থাকায় এ ধরনের সুযোগ নেই।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। অনেক দরিদ্র পরিবারকে অন্যের সঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে মানুষের প্রকৃত আর্থসামাজিক অবস্থা নির্ধারণ করা যথেষ্ট নয়।
তিনি বলেন, দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। গবেষণার ফলাফলকে চূড়ান্ত সত্য হিসেবে না ধরে যথাযথ যাচাই বাছাই করতে হবে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। নিজেদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে রিজভী বলেন, বিকল্প জ্বালানির উৎস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে সংকট মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে হতাশ না হয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যুৎ খাতে অতীতের অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান রিজভী। তাঁর মতে, যেকোনো প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখতে হবে।
ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলমসহ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









