টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তনগর নিলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটির একটি বগি মহেড়া এলাকায় পৌঁছানোর পর লাইনচ্যুত হয়। এতে বগিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় রেললাইনের প্রায় আধা কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে সূত্রটি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক যাত্রী জানান, হঠাৎ ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় শিশু ও অন্যান্য যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার রকিবুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর উদ্ধারকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে কখন নাগাদ ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।









