চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়। কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সফরকালে জাপানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে’ও বক্তব্য দেন তিনি। সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ দিকে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।









