জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের নেতৃত্ব দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। মামলার চার আসামিই পলাতক রয়েছেন।
রায়ে হানিফকে কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য তিন আসামিকেও সংশ্লিষ্ট অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাজাপ্রাপ্তদের স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ২০২৪ আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যে সমর্থন এবং আন্দোলন দমনে বলপ্রয়োগে প্ররোচনা দেওয়ার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতা ছিল। অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলিতে ছয়জন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ।
মামলার তদন্ত শুরু হয় গত বছরের ২৫ মার্চ। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আদালতে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।









