খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য, ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরিতে যোগদান ও নিয়োগের সময় বয়সসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।
চাকরিচ্যুত পাঁচ শিক্ষক হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তকে চাকরিচ্যুত করা হয়েছে।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তদন্তের ভিত্তিতে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। সবকিছু পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









