নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প।
বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত গ্রামের একটি পরিত্যক্ত ঘরে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ৬টি ব্ল্যাঙ্ক কার্তুজ, শটগানের ৪১ রাউন্ড রাবার ও সিসার কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল স্কাফ সিরাপ।
এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো চক্র এসব অস্ত্র, গুলি ও মাদক পরিত্যক্ত ঘরে মজুত করেছিল।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। উদ্ধার করা আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









