প্রায় চার ঘণ্টা বিলম্বের পর জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উড়োজাহাজটি উড্ডয়ন করে।
উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের সদস্যরা রয়েছেন। রাত আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উড্ডয়নের প্রস্তুতির সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে গেলেও উড্ডয়নের আগেই থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না। পরে দুই প্রকৌশলী ত্রুটি মেরামতের কাজ শুরু করেন এবং উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর ফিরতি যাত্রায় বিলম্ব ঘটে।









