কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি। শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে পরপর তিনটি বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ধারণা, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার নাকপুরা ও বলিবাজার এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। তবে হামলার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সাংবাদিক হুমায়ুন রশিদ জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে তিনটি বড় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে ঘুমন্ত বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অলিগলিতে বেরিয়ে আসেন। অনেককে ভয়ে ছোটাছুটি করতেও দেখা যায়।
হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর সেগুলো পুনর্দখলে নিতে দেশটির সামরিক জান্তা বাহিনী একাধিকবার বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন সময়ে খবর এসেছে। সর্বশেষ ঘটনার পর সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।









