ঢাকার খিলক্ষেতে ভাড়া দেওয়া বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জাহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একজন কর্মকর্তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারীর আচরণবিধি ও বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী। বরখাস্তকালীন সময়ে তাকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে গত ১৯ অক্টোবর ভোরে খিলক্ষেত পুলিশ হাউজিং এলাকায় ওই বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ২৬ নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।
ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে সেখানে ডিজে পার্টি ও মাদক সেবনের কার্যক্রম চলছিল। আবদুল্লাহ আল জাহির পুলিশ সদর দপ্তরের রিয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত ছিলেন। অভিযানের পরদিন তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
জানা গেছে, বাসাটি তিনি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সদর দপ্তরে সংযুক্ত করার পাঁচ দিন পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।










