সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে বাস দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে জামায়াত-শিবিরের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক (৭০) পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। তাকে বাঁচাতে গিয়ে খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরা জামায়াত নেতাকর্মীদের বহনকারী আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, দুর্ঘটনায় তাদের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা এবং পুলিশ কর্মকর্তা।










