যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতির পর এবার কাতারের রাজধানী দোহায় সরাসরি বৈঠকে বসতে পারে দুই দেশের প্রতিনিধিদল। ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল এবং তেহরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতার খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। সম্ভাব্য চুক্তির নিশ্চয়তাদাতা হিসেবে চীন ও রাশিয়াকে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, তেহরানে কাতারের মধ্যস্থতাকারী ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা এড়ানো ছিল আলোচনার অন্যতম লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের প্রতিনিধিদলের সঙ্গে ইরানি আলোচকেরাও দোহায় ফিরেছেন। সেখানে আলোচনা পুনরায় শুরুর কথা রয়েছে।
তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি উপসাগরীয় মিত্রদের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। আগামী ৪ নভেম্বর থেকে ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র: কালবেলা, দ্য টাইমস অব ইসরায়েল










