এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বগুড়ায় অসাধারণ ফল করেছে সরকারি আজিজুল হক কলেজ। জেলায় মোট ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে একাই ৭৪৭টি জিপিএ-৫ অর্জন করেছে কলেজটি, যা জেলার মোট জিপিএ-৫-এর প্রায় ৫৭ শতাংশ।
এ বছর কলেজটি থেকে ১ হাজার ৪৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৪৫৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, আরও ভালো ফলের প্রত্যাশা থাকলেও সার্বিক পরিস্থিতিতে অর্জন নিয়ে তারা সন্তুষ্ট। ভবিষ্যতে ফল আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৯৮ দশমিক ৮২ শতাংশ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৯৮ দশমিক ৮০ শতাংশ এবং বিয়াম মডেল স্কুল ও কলেজে ৯৮ দশমিক ৩৩ শতাংশ।
অন্যদিকে, সরকারি শাহ সুলতান কলেজে পাসের হার ৬৯ দশমিক ৯১ শতাংশ এবং সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৮১ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
বগুড়ার জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, এ বছর সারা দেশেই পাসের হার ও জিপিএ-৫ কমেছে। ফলাফলকে পরীক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হিসেবে দেখার পাশাপাশি ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।










