ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এ শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। পরে বিকেল সাড়ে ৩টার পর তাঁর নেতৃত্বে র্যালি শুরু হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে সড়ক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতিও বাড়তে থাকে।
আয়োজনে অংশ নিতে আগের দিন থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা রাজধানীতে আসতে শুরু করেন। অনেকের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ সংগঠনের পরিচয়সংবলিত ব্যানার নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।
র্যালিতে ব্যতিক্রমী আয়োজনও দেখা যায়। ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে বিশাল মিছিলসহ অংশ নেন কয়েকজন নেতাকর্মী। নয়াপল্টন এলাকায় ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দলীয় সমাবেশে উৎসবমুখর আবহ তৈরি করে। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল দৃশ্যমান উচ্ছ্বাস।










