পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার। গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সম্মাননা সনদ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন শংকর হাওলাদার। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা, সমাবেশ এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছেন তিনি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তার। সরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে তার কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।
২০২৬ সালের জুলাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারা দেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় ধারাবাহিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন তিনি।
শংকর হাওলাদারের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, একজন গ্রাম পুলিশ হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় তার অবদান অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।










