করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে এনআরবি ব্যাংকের ঋণখেলাপির দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-৪-এর বিচারক মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে নেওয়া ঋণ এবং একটি ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে ব্যাংক দুটি মামলা দায়ের করে। সুদ-আসলসহ মোট পাওনার পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকায় পৌঁছায়। মামলায় ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হওয়ার পর সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সোমবার মামলায় জামিনের আবেদন করা হলেও অর্থঋণ আদালতের বিধান অনুযায়ী দাবিকৃত ঋণের ২৫ শতাংশ অর্থ জমা না দেওয়ায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
এর আগে গত ২০ জুলাই চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাজধানীর মিরপুর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে দেশজুড়ে আলোচনায় আসেন সাহেদ। একই বছরের জুলাইয়ে সীমান্ত এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে অবৈধ অস্ত্র মামলাসহ একাধিক মামলায় তিনি বিচারাধীন হন। বর্তমানে বিভিন্ন প্রতারণা, জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে।
