তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বা রাষ্ট্রের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড কিংবা বক্তব্য আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাংবাদিকতার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতা এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে যে, এটি সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ না হলেও রাষ্ট্রব্যবস্থার একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া, জবাবদিহি নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাংবাদিকতার দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেই সত্যকে জনস্বার্থে যথাযথভাবে উপস্থাপন করাও একজন সাংবাদিকের অন্যতম দায়িত্ব। তবে ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠীর পূর্বনির্ধারিত লক্ষ্য বা স্বার্থ থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত অবস্থান বা প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকদের নানা ধরনের চাপ ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ টেনে জহির উদ্দীন স্বপন বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হয়ে উঠবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গি, নীতি এবং জবাবদিহির ওপর। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যাতে জনগণ সঠিক তথ্য পায় এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

