জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে ৮ থেকে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।
নিউইয়র্কে সরকারি কর্মসূচির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তার সম্মানে একটি বড় নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে সমবেত হওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
এর আগে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত জুলাইয়ে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে আপাতত অন্য কোনো বিদেশ সফরের পরিকল্পনা নেই।










