সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারি কাজে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। আমলাতন্ত্রের কর্মকর্তা হোক, প্রশাসনের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—যে-ই দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, সরকার তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করছে।
সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, জনগণের জন্য নেওয়া নানা উদ্যোগের সংক্ষিপ্ত চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং হেলথ কার্ড চালুর প্রস্তুতির মতো কার্যক্রম রয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এতে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন। জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগও বইটিতে স্থান পেয়েছে।
বইয়ের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানুষের জ্ঞান ও চিন্তার জগৎকে আলোকিত করার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পেছনেও বই ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞানীরা তাঁদের গবেষণা, তত্ত্ব ও আবিষ্কার লিখে রেখে যাওয়ায় পরবর্তী প্রজন্ম সেসব জ্ঞান কাজে লাগিয়ে নতুন আবিষ্কারের পথ তৈরি করতে পেরেছে।
তিনি বলেন, মানুষ বই পড়া থেকে দূরে সরে গেলে তার চিন্তার জগৎ সংকুচিত হয়ে পড়ে। বইকে তিনি মানুষের মনের জগতের ‘পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করেন। এই পাসপোর্টের মাধ্যমে মানুষ নিজের ভেতরের জগতের পাশাপাশি বাইরের পৃথিবীকেও নতুনভাবে জানার সুযোগ পায়।
রিজভীর দাবি, সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত বইটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে তথ্য-উপাত্ত থাকায় সরকারবিরোধী অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলাতেও এটি ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি সাইদুর রহমান। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।










