নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নয় মাস বয়সী নিজের শিশুকন্যাকে মেঝেতে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগ উঠেছে বাবা সোহেল মোল্লার (২৪) বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম (২০) আড়াইহাজার থানায় মামলা করেছেন। মামলায় তার স্বামী সোহেল মোল্লাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া এলাকার সোহেল মোল্লার সঙ্গে পারিবারিকভাবে রিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেন রিনা।
অভিযোগ অনুযায়ী, নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রিনা। পরদিন ৭ আগস্ট সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়া এলাকায় রিনার বাবার বাড়িতে যান সোহেল। সেখানে তিনি শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
রিনা ও তার পরিবারের সদস্যরা এতে বাধা দিলে সোহেল ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাটের ওপর থেকে তুলে মেঝেতে আছাড় মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। এরপর শিশুটির বাম পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম করারও অভিযোগ রয়েছে।
শিশুটির কান্না ও রিনার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সোহেল ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিনা বেগমের অভিযোগ, যৌতুকের দাবিকে কেন্দ্র করেই স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাকে নির্যাতনের পাশাপাশি এবার শিশুকন্যার ওপরও হামলা করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে যৌতুকসংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।










