সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রেস সচিব জানান, মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এর আগে রোববার রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্র ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বরাতে জানা যায়, নিহত সবাই বাংলাদেশি নাগরিক।
আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় কাজ করছেন।`










