চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে নতুন রং করা হলেও অপর পাশ মলিন থাকায় আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই কি সড়কের এক পাশের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে?
সোমবার (১০ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, হাটহাজারী থেকে অক্সিজেনমুখী সড়কের এক পাশের ডিভাইডারে রং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। বিপরীত পাশে ডিভাইডারের অনেক অংশে রং নেই এবং কোথাও ময়লা-আবর্জনাও পড়ে আছে। তবে অক্সিজেন মোড় থেকে ওই পাশেও রং করার কাজ শুরু করেছেন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরে হাটহাজারীতে যাওয়ার পরই বিষয়টি বেশি নজরে আসে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর চলাচলের পাশটি দ্রুত পরিষ্কার ও রং করা হলেও অন্য পাশ অবহেলিত ছিল।
তবে সড়ক বিভাগের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নয়, নিয়মিত সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কাজটি করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর সফরের দুই-তিন দিন আগেই কাজ শুরু হয়েছিল। বৃষ্টি ও অন্যান্য কারণে দুই পাশে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, প্রায় এক মাস ধরে সড়কের পাশের জঙ্গল পরিষ্কার, ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ চলছে। ডিভাইডারের দুই পাশেই রং করার পরিকল্পনা রয়েছে।










