নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসে যুক্ত হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নারীদের জন্য বিশেষ বাসসেবা ‘মহিলা বাস সার্ভিস’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বাসে স্থাপিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের কার্যক্রমও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিএসসিএল জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনাও যাচাই করা হবে।
প্রতিষ্ঠানটির মতে, পরীক্ষাটি সফল হলে ভবিষ্যতে বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এতে যাত্রীরা চলন্ত অবস্থায় আরও উন্নত ডিজিটাল সংযোগ পাওয়ার পাশাপাশি ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
নারীদের জন্য চালু হওয়া পিংক বাসে ইন্টারনেট সংযোগের এই উদ্যোগ গণপরিবহনকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব রুটে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ভবিষ্যতে বিকল্প সংযোগ হিসেবে ভূমিকা রাখতে পারে।
বিএসসিএল আরও জানিয়েছে, দেশের গণপরিবহনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের প্রযুক্তিনির্ভর উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি আরও বিস্তৃতভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হতে পারে।










