নিজের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারীতে সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশ আয়োজিত ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল।
নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে দলীয় নির্দেশনা পাওয়া মাত্রই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। তবে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে, তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার চান তিনি।
এমপি বাবুল বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত রয়েছেন। তাদের তৃণমূলের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে যারা নিজেদের তৃণমূলের প্রতিনিধি দাবি করে তাঁকে অযোগ্য বলছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দলীয় মনোনয়ন দেওয়ার সময়ও তাঁর বিরুদ্ধে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়েছিল। তবে দলের শীর্ষ নেতৃত্ব সঠিকভাবে বিষয়টি যাচাই করে তাঁকে মনোনয়ন দেয়। নির্বাচনের পরও ওই চক্র থেমে নেই বলে দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বাবুল বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে চলা ‘রাজনৈতিক চক্রান্তের’ ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
সভায় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দেন। কোনো অপশক্তি যাতে দলের ভাবমূর্তি ও নেতাকর্মীদের মর্যাদা ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সভার শুরুতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে বিভক্তি তৈরি হলেও রোকন উদ্দিন বাবুল বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তাঁর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি পরাজিত পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেন তারা।
তৃণমূলের এসব নেতাকর্মী অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান। সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










