চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন আগামী বছরের শুরু থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটের সময়সূচি নির্ধারণ ও ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে কোন নির্বাচন কখন শুরু হবে, সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট রাখা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।
এদিকে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। দেশের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসাতে প্রায় ৩৭০ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২৭ জানুয়ারি থেকে এসব স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে এবং বাকি অর্ধেক সরকারের কাছে বিক্রি করার কথা রয়েছে।










